ধসের পরদিনই ডিএসইতে সূচক বাড়ল ১৪৮ পয়েন্ট

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:৫২

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আতঙ্কে গত সোমবার শেয়ারবাজারে বড়ো ধরনের ধস নামলেও পরের কার্যদিবস গতকাল মঙ্গলবার বড়ো উত্থান হয়েছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড়ো উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে কয়েক দিন ধরেই বিশ্ব শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে।   বাংলাদেশের শেয়ারবাজারও প্রায় অর্ধ মাস ধরে নেতিবাচক ধারায় রয়েছে। এমন পরিস্থিতিতের মধ্যে গত রবিবার বিকালে প্রথম বাংলাদেশে তিন জন করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য আসে। পরের দিন ডিএসইতে রেকর্ড পরিমাণ ২৭৯ পয়েন্ট সূচকের পতন হয়। এরপর আর কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী না পাওয়ায় বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। আর এই কারণে পুঁজিবাজাররে এদিন বড়ো ধরনের উত্থান হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক অর্থায়নে ২০০ কোটি টাকা করে বিশেষ তহবিল গঠন করেছে। এছাড়া আরো পাঁচটি ব্যাংক তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করছে। সেগুলো হলো—ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।