মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো রোধে একযোগে র্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ওষুধ প্রশাসন অধিদপ্তর অভিযানে নেমেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীতে অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অপরাধে ছয় ফার্মেসিকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং একটি ফার্মেসির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অবৈধভাবে মাস্ক মজুত রাখার অভিযোগে বাবুবাজারের একটি দোকানকে ২ লাখ টাকা জরিমানা এবং একটি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন জানান, গতকাল গুলশান-১ ও ২, বনানী এবং মহাখালী এলাকায় ম্যাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে ম্যাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিআরপি সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল বলেন, গতকাল গুলশান এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মূল্য টেম্পারিংয়ের অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
