বিএনপিসহ সবাইকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে :তথ্যমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে গ্রহণ করার রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন থেকে বিএনপিসহ সবাইকে জয় বাংলা স্লোগান দিতে হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান না। এটা আমাদের মুক্তির স্লোগান। এই স্লোগান দিতে যাদের লজ্জা লাগে এই রায়ের পর তাদের সেই লজ্জা আর থাকবে না।

মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে সরকার, দল ও সমগ্র দেশবাসীর পক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের হুমকির মুখে জনস্বার্থের কথা চিন্তা করে সেসব অনুষ্ঠান সঙ্কুচিত করেছেন। একই সঙ্গে অনুষ্ঠান পুনর্বিন্যাস করতে বলেছেন। কোনো অনুষ্ঠান বাতিল করা হয়নি।