জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি

মামলা নিতে গড়িমসি পুলিশের হয়রানি

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪৫

রাজধানীর শেরেবাংলা নগর থানায় যৌন হয়রানির অভিযোগ দিতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। মামলা নিতেও অস্বীকৃতি জানায় পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে দুই দিন পর মামলা নেয় শেরে বাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানান, রবিবার রাতে নীলক্ষেত মোড় থেকে মিরপুরের শেওড়াপাড়া যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন তিনি। এ সময় ঐ যুবক পালিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোনটি রেখে যায়। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বাবা শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করতে গেলে ‘সুধাংশু’ নামের এক পুলিশ কর্মকর্তা তার মামলা নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে অফিস ইনচার্জ জানে আলম মুন্সীর কাছে ঘটনার বিবরণ দিলে তিনি একটি সাদা পাতায় অভিযোগ লিখে দিয়ে থানা থেকে চলে যেতে বলেন। সকল অভিযোগ অস্বীকার করে শেরেবাংলা থানার ওসি জানে আলম মুন্সী বলেন, আমি সেদিন রাতেই মামলা নিয়েছি। তবে মামলার এজাহারে দুই দিন পরের তারিখ উল্লেখ থাকা প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেনি ।

যৌন নির্যাতনের

বিরুদ্ধে গণস্বাক্ষর

সম্প্র্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় ও সারাদেশে সকল প্রকার যৌন নির্যাতনের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘স্বাধিকার আন্দোলন’ ও ‘উই আর রিহ্যাসারস’। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সম্মুখে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।