বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২০, ১৬:৪৭

রাজশাহীতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার রহমান কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম আবদুস সালাম (৩৫)। সে পবার মধুসুদনপুর গ্রামের মো. নইমুদ্দিনের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী বাবু (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি পবার মধুসুদনপুর গ্রামের কসিম উদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, ‘আবদুস সালাম সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কোল্ড স্টোরেজে যাচ্ছিলেন। তখন মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। আর আহত হন বাবু। এ সময় স্থানীয়রা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আর সালামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরো পড়ুন: করোনা আতঙ্কে আইপিএল বন্ধের আবেদন ভারতীয় হাইকোর্টে

ওসি জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আটক আছেন বাসের চালকও। তবে পালিয়ে গেছেন হেলপার। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/এএএম