র ফি কু ল ই স লা ম
হালে নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা ন্যান্সি। তার গাওয়া অনেক গান দর্শকের মন জয় করেছে। সিনেমা ও অডিওতে এখনো নিয়মিত গাইছেন তিনি। শিল্পী পরিচয়ের বাইরে এবার তিনি এক নতুন পরিচয়ে আসছেন সবার সামনে। আর তা হলো—কথাবন্ধু বা আরজে ন্যান্সিকে পাবেন তার ভক্তরা।
সম্প্রতি রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ন্যান্সি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম’র সেলস হেড শুভেন্দু সাহা, নাফিজ রেদওয়ান শান্ত, আরজে জাহান অরণ্য প্রমুখ। ক্যাপিটাল এফএম-এ ন্যান্সি উপস্থাপিত অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যান্সি’। এতে ন্যান্সি গান নিয়ে কথা বলবেন আর নতুন নতুন অতিথিদের নিয়ে আড্ডা দিবেন শ্রোতাদের সঙ্গে।
এ প্রসঙ্গে ন্যান্সি, ‘আমি শুধুই গান গাই, সব সময় কথা বলি অনেক কম। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে দ্বিধায় পড়ে যাই। পরবর্তী সময়ে অনুষ্ঠান সম্পর্কে জেনে আমার অনেক ভালো লাগে এবং তাদের ‘হ্যাঁ’ বলে দেই। গান নিয়ে কথা বলতে আমার ভালোই লাগে। আশা করছি অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।’
