অনেক সম্ভাবনার প্রতিশ্রুতি নিয়ে

আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:৫৫

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

কালারস টিভি চ্যানেলে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘মেরি আশিকী তুম সে হি’ সিরিয়ালটি একটানা কয়েক বছর সমান জনপ্রিয়তা নিয়ে প্রচারিত হয়েছে। রোমান্টিক ফ্যামিলি ড্রামা ধাচের টিভি সিরিয়ালটিতে ইশানি চরিত্রে অভিনয়ের সুবাদে ঘরে ঘরে বিপুল জনপ্রিয়তা ও পরিচিতি পান তন্বী অভিনেত্রী রাধিকা মদন। সুন্দরী ও মেধাবী অভিনেত্রী হিসেবে সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেন তিনি। ছোট পর্দায় এরপর তাকে দেখা যায় ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র একজন প্রতিযোগী হিসেবে। দিল্লি শহরে জন্মগ্রহণকারী রাধিকা একসময় নাচের প্রশিক্ষক ছিলেন। ছোটপর্দা থেকে বলিউডে পা রেখেছেন তিনি গত বছর। এ পর্যন্ত দুটি সিনেমায় অন্যতম প্রধান নারী চরিত্রে দেখা গেছে। প্রথম তাকে দেখা যায় দুই ঝগড়াটে বোনের গল্প নিয়ে আবর্তিত ‘পটাকা’ ছবিতে। প্রত্যন্ত গ্রামের দুই ঝগড়াটে বোনের একজন হয়েছিলেন রাধিকা মদন। আরেক বোনের চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। বলিউডের গতানুগতিক গ্ল্যামারাস রোমান্টিক নায়িকার চরিত্র ছিল না, সম্পূর্ণ ননগ্ল্যামারস লুক নিয়ে গ্রামের সাধারণ মেয়েরূপে পর্দায় উপস্থিত হয়ে অনবদ্য সহজ সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শক সমালোচকদের প্রশংসা অর্জন করেন রাধিকা ও সানিয়া দুজনেই। ‘পটাকা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষিক্ত হওয়া রাধিকা বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী হিসেবে স্টার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন। গত বছর রাধিকা আরো একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ছবিটি হলো ‘মর্দ কো দর্দ নাহি হোতা’। তাতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। ২৪ বছর বয়সী রাধিকা বলিউডে পা রাখার পর থেকে প্রতিশ্রুতিশীল অভিনয়ের স্বাক্ষর রেখে সমালোচক-দর্শকের আস্থা অর্জন করেছেন।

গত বছর বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেই বাজিমাত করেছেন রাধিকা মদন। ছোটপর্দা থেকে বলিউডে পা রাখা অভিনেত্রীদের সবাই তেমন সাফল্যের চমক দেখাতে পারে না। কেউ কেউ একটি দুটি সিনেমায় চেহারা অকালেই হারিয়ে যান। রাধিকা অভিনীত দুটি সিনেমাতেই নিজেকে সম্ভাবনাময়ী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবার আসছে তার তৃতীয় সিনেমা ‘অ্যাংরেজি মিডিয়াম’। এখানে তার সহশিল্পীদের মধ্যে ইরফান খান ও কারিনা কাপুর খান এর মতো জনপ্রিয় প্রতিষ্ঠিত তারকা শিল্পীরা রয়েছেন। ইরফান খান তার বাবা সেজেছেন এ ছবিতে। বাবা মেয়ের সম্পর্কের চমত্কার রসায়ন তুলে ধরা হয়েছে এখানে। ইরফান খানের মতো একজন তুখোড় অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটা ছিল রাধিকার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি তা সম্ভব করেছেন অপূর্বভাবে। ‘অ্যাংরেজি মিডিয়াম’ ছবির ট্রেলার, টিজার এবং কয়েকটি গানের দৃশ্যে রাধিকার উপস্থিতি দর্শকদের উত্সাহী করে তুলেছে তার ব্যাপারে। ধারণা করা যায়, ‘অ্যাংরেজি মিডিয়াম’ ছবিটি উঠতি অভিনেত্রী রাধিকা মদনের ক্যারিয়ারে নতুন দিগন্তের সূচনা করবে। তাকে এ বছরেই আরো একটি নতুন সিনেমা ‘সিদ্ধাত’-এ দেখা যাবে। রোমান্টিক ড্রামা ধাচের এ ছবিতে তার নায়ক সানি কুশল। হিন্দি সিনেমার অঙ্গনে একজন সম্ভাবনাময়ী মেধাবী অভিনেত্রী হিসেবে রাধিকার ক্রমেই গুটি গুটি পায়ে এগিয়ে চলা সবাইকে আশাবাদী করেছে। হয়তো খুব শিগগিরই বলিউডে খুব ভালো একটি অবস্থানে তাকে দেখা যাবে।

‘অ্যাংরেজি মিডিয়াম’ ছবিতে চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে কাজ করেছি। আমি গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলাম, আমি যতটুকু সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে চেস্টা করেছি। আমার প্রত্যাশা ‘হিন্দি মিডিয়া’র মতো অ্যাংরেজি মিডিয়াম’ও সবার প্রশংসা অর্জনের পাশাপাশি বক্স অফিসেও সাফল্যের চমক দেখাবে’, সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেছেন রাধিকা মদন।