নিউ ইয়র্ক প্রবাসী কণ্ঠশিল্পী সৈয়দ কামরুজ্জামান ফয়েজের প্রথম মৌলিক গানের মিউজিক ভিডিও ‘দুঃখিনী মা’ সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির গীতিকার তারেক বিন ফিরোজ, সুর ও কম্পোজিশন করেছেন রাজিব হোসেন। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন আসিফ হাসান এবং নিউ ইয়র্ক অংশের পরিচালনা করেন গোলাম সারওয়ার হারুন। ব্রঙ্কসের এভারগ্রিন স্টুডিওতে গানটির ভয়েজ রেকর্ড হয়। এতে পারফর্ম করেছেন জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, শিশুশিল্পী নাঈফ ও তানজিদ এবং নিউ ইয়র্কের জিনিয়া আহমেদ অহনা এবং শিল্পী নিজে। বাংলাদেশ ও নিউ ইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়নে ছিলেন কায়েস খন্দকার (বাংলাদেশ) ও অভিজিত্ হালদার (নিউ ইয়র্ক)।
এ উপলক্ষে নিউ ইয়র্ক ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার-গীতিকার ও চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল আমিন বাবু ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডা. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ ধ্বনির সভাপতি ডা. প্রতাপ দাস, হূদয়ে বাংলাদেশ সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক আনোয়ার হোসেন বাবর, অভিনেতা এজাজ আলম, সাহিত্যিক মুজিবুল হাসান, ডা. সৈয়দ মঞ্জুর কাদের, সাংবাদিক শামীম আহমেদ, সাদিয়া আফরিন, আবৃত্তিকার আনোয়ার উদ্দিন লাবলু সহ আরো অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শারমীন তানিয়া, তাহমিনা শহীদ, আল আমিন বাবু ও গিটার বাজিয়েছেন মোহাম্মদ নাসিরুল্লাহ। ভিডিওটি মুক্তি দিয়েছে মিউজিক চ্যানেল ‘একতারা’।
