মোহাম্মদ আরজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে তিতাস পাড়ের কৃতিকন্যা ও ত্রিপুরার বিশিষ্ট সংগীত প্রশিক্ষক, নজরুল গবেষক মায়া রায়ের সদ্য প্রকাশিত গ্রন্থ ‘আমার ব্রাহ্মণবাড়িয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উত্সব গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘মায়া রায় ভারতবর্ষে বসবাস করেও তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াকে ভুলে যাননি। তার শৈশব-কৈশোরের বর্ণিল সময়গুলো তাকে তাড়িত করে। জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার তার শৈশবকালে যে রকম শিল্প-সংস্কৃতির উন্মাদনা ছিল, যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিল এ অঞ্চলের মানুষ তার যথার্থ বর্ণনা তিনি করেছেন আমার ব্রাহ্মণবাড়িয়া গ্রন্থে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সুললতি শব্দ চয়নে লেখক মায়া রায় তার গর্বের ব্রাহ্মণবাড়িয়াকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন বইটিতে। কণ্ঠশিল্পী ও লেখক মায়া রায়ের আমার ব্রাহ্মণবাড়িয়া গ্রন্থটি শৈশব-কৈশোরের জন্মভূমির স্মৃতিকথা হিসেবে উত্তম একটি গ্রন্থে পরিণত হয়েছে।’
তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি মাসুম মিয়ার সভাপতিত্বে ও প্রকাশনা উত্সবের সমন্বয়ক বাছির দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বরেণ্য কবি জয়দুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী লেখক মায়া রায়কে ফুলেল শুভেচ্ছা জানান।
