পর্দা নামলো চতুর্থ অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোত্সবের

আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:০০

আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার, রাজশাহী

 

রাজশাহীতে পর্দা নামলো সপ্তাহব্যাপী চতুর্থ অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোত্সব ২০২০-এর। গত রবিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহী থিয়েটারের সহ-সভাপতি ডা. এফ এম এ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আকতার রেনী, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কাজী সাইদ হোসেন দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দীলিপ কুমার ঘোষ ও রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামার উল্লাহ সরকার। উত্সবের উদ্বোধন করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রথমদিন রাবি নাট্যকলা বিভাগ পরিবেশিত পলাশী পুরাণ (যাত্রাপালা)। দ্বিতীয় দিন পথিকৃত্ ও লালন, তৃতীয় দিন একটি অবাস্তব গল্প ও নোলকজানের পালা, চতুর্থ দিন নৃত্যনাট্য বিদায় অভিশাপ ও জিষ্ণু যারা, পঞ্চম দিন পেজগী আপডেট ও খনা, ৬ষ্ঠ দিন ইতি পত্রমিতা ও তৃতীয় একজন নাটক মঞ্চস্থ হয়।