‘গানে খুঁজে নেবো সেরাকণ্ঠ তোমার’ প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:০১

নূরুল মোহাইমীন মিল্টন

কমলগঞ্জ সংবাদদাতা

 

তৃণমূলের সুবিধাবঞ্চিত সংগীতশিল্পীদের প্রতিভা বিকাশে মৌলভীবাজারের কমলগঞ্জে রিয়েলিটি শো ‘গানে খুঁজে নেবো সেরাকণ্ঠ তোমার-২০২০’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে রিয়েলিটি শোয়ের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

সামাজিক অবক্ষয় রোধ, ইভটিজিং, মোবাইল আসক্তি ও হতাশাগ্রস্থ ছাত্র, যুবক, তরুণ প্রজন্মকে দেশি সংস্কৃতি চর্চার ধারণ, লালন ও বিকাশ লাভের উদ্দেশ্যে সাংস্কৃতিক সংগঠন কমলগঞ্জের কম্পিউটার শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। কম্পিউটার শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আনহার আলীর সভাপতিত্বে ও বুলবুল সিনহার সঞ্চালনায় রিয়েলিটি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও মৌলভীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক এমদাদুল হক মিন্টু, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম সভাপতি পডিশিন প্রধান, অ্যাড. সানোয়ার হোসেন প্রমুখ।