করোনা শঙ্কা উড়িয়ে দেশে দেশে হলমুখী মানুষ

আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:০২

বিনোদন ডেস্ক

 

বিশ্বজুড়ে এখন করোনা আতঙ্ক। পরিবার নিয়ে সিনেমা দেখা তো দূরে থাক, ঘর থেকেই বের হতে অনিহা মানুষের। দেশের সিনেমার বাজার মন্দা হলেও এ সঙ্কটময় মুহূর্তে পাশ্ববর্তী দেশ ভারতে দেদারছে চলছে সিনেমা হল। প্রমাণ হিসেবে বলা যায়, মুক্তির ৩ দিনে এখন পর্যন্ত ৫৩ কোটি রুপি আয় করেছে ‘বাঘী থ্রি’। এছাড়া হলিউডের ডিজনি এবং পিকচারের ‘অনওয়ার্ড’ এখন চার্টের টপে আছে। বেন অ্যাফ্লেকের বাক্সেটবল ড্রামা ‘দ্য ওয়ে ব্যাক’ ছবিটিও প্রত্যাশা পূরণ করেছে প্রথমদিনে।

বলিউড মুভি রিভিউজের তথ্য মতে, ১০০ কোটি রুপি বাজেটের বাঘী থ্রি চলতি বছর মুক্তিপ্রাপ্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়কৃত অজয় দেবগণের ‘তানাজি:দ্য আনসাং ওয়ারিয়ার’-এর পরেই অবস্থান করছে। ধারণা করা হয়েছিল, মুক্তির দিনেই অনলাইনে বাঘী থ্রি ফাঁস এবং ভারতে করোনা ভাইরাস আতঙ্কের কারণে ছবিটির আয়ে প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত এমন শঙ্কা উড়িয়ে দিয়েছে ভারতীয় দর্শকরা! গত কয়েকদিন বেশিরভাগ প্রেক্ষাৃহই ছিল হাউসফুল! এদিন ছবিটি আয় করে ২০ কোটি রুপি!

অন্যদিকে উত্তর আমেরিকার ৪ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে অনওয়ার্ড আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। পুরোবিশ্বে আরও ২৮ মিলিয়ন আয় করেছে ছবিটি। ডিজনি জানিয়েছে, এশিয়ার দেশগুলো ছাড়া অন্য দেশগুলোতে করোনার কারণে তেমন প্রভাব পড়েনি ছবির ব্যবসায়। সদ্য মুক্তি পাওয়া অন্য ছবিগুলোও স্বাভাবিক ব্যবসা করছে বলে জানিয়েছে বক্স অফিস বিশেষজ্ঞরা।