অতিরিক্ত দামে মাস্ক বিক্রি
ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে বিভিন্ন স্থানে চড়ামূল্যে মাস্ক বিক্রির দায়ে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ও বুধবার এসব জরিমানা করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : ভ্রাম্যমাণ আদালত শহরের ১০টি দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বোরহানউদ্দিন (ভোলা) : উপজেলায় মাহে আলম ও আলমগীর নামে দুই জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী এ অভিযান পরিচালনা করেন।
শেরপুর (বগুড়া) : চড়া দামে মাস্ক বিক্রি করায় ফরিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী এ অভিযান পরিচালনা করেন।
