স্টাফ রিপোর্টার, রাজশাহী
জনসমাগম সম্পৃক্ত যে কোনো ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদ্যাপন কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। কমিটির সদস্য অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, করোনা ভাইরাসের কারণে যেহেতু মুজিববর্ষ উদ্যাপনের জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, সেহেতু রাবিতেও মুজিববর্ষ উদ্যাপনসহ জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ক্যাম্পাসে যে কোনো ধরনের জনসমাগম সংশ্লিষ্টতা থাকে এমন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন ছোটো অনুষ্ঠান উদ্যাপিত হবে।
এ বিষয়ে প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুত্ফর রহমান বলেন, মুজিববর্ষ উদ্যাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসে জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠান করা ঠিক হবে না। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল ধরনের জনসমাগম অনুষ্ঠান স্থগিতের নোটিশ জারি করা হচ্ছে।
