খুমেকে প্রস্তুত রাখা হয়েছে ১০ শয্যা

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:১৮

করোনা ভাইরাস

খুলনা অফিস

খুলনায় করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ২০০ শয্যার একটি ইউনিট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে এই ইউনিটে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখানে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এরই মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ১৫০ থেকে ২০০ শয্যার একটি ইউনিট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে এই ইউনিটে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়। তবে এতে আক্রান্ত রোগীর মৃত্যুহার তিন শতাংশের কম। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরিচর্যায় বিভাগ, জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে যথাক্রমে ৩০০, ২০০ ও ১০০ শয্যার কোয়ারেন্টাইন (পৃথক করে রাখা) ইউনিট প্রস্তুত করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন্য বিভাগ, জেলা ও উপজেলায় যথাক্রমে ২০০, ১০ ও পাঁচ শয্যার আইসোলেশন ইউনিট (পৃথক রেখে নিবিড় পরিচর্যা) স্থাপন করা হয়েছে। তিনি বলেন, রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শে বিশ্রাম, বেশি বেশি তরল খাবার খাওয়া ও জ্বর নিয়ন্ত্রণের ওষুধ সেবন করলে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া সম্ভব। এদিকে, সম্ভাব্য করোনা ভাইরাস প্রতিরোধে গত মঙ্গলবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।