থ্রিলার জিতে উচ্ছ্বসিত আইরিশরা

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:৩৮

  স্পোর্টস রিপোর্টার

২০১৩ সালে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতেছিল আয়ারল্যান্ড। এরপর গত সাত বছরে দুই দল ১৩টি ম্যাচ খেলেছে। একটিও জিততে পারেনি আইরিশরা। মঙ্গলবারও ভারতের নয়ডায় অনুষ্ঠিত ম্যাচে হেরে যাওয়ার মুখেই ছিল সফরকারীরা। কিন্তু রশীদ খান ইনিংসের শেষ বলে চার মেরে টাই করে ফেলেন। আবার ওই রশীদ খানেরই করা সুপার ওভারের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।

এই নাটকীয়তার শুরু হয় ম্যাচের শেষ ওভারে। আয়ারল্যান্ডের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। আগে ব্যাট করা আয়ারল্যান্ড  ৮ উইকেটে ১৪২ রান করেছিল। জবাবে খেলা শেষ ওভারে নিয়ে আসেন রশীদ খান। জসুয়া লিটলের প্রথম ২ বল থেকে আসে ৩ রান এবং তৃতীয় বলে আউট হন ৩২ রান করা আসগর আফগান। চতুর্থ বল ওয়াইড; এরপর ছক্কা মারেন রশীদ। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। কিন্তু রশীদ চার মেরে টাই অন্তত নিশ্চিত করেন।

সুপার ওভারে আগে ব্যাট করা আফগানরা ৮ রান তুলতে পারে। প্রথম ৫ বলে ১ উইকেট হারিয়ে ৬ রান তোলে আইরিশরা। শেষ বলে দরকার ছিল ৩ রান। কেভিন ও’ব্রায়েন রশীদ খানকে মেরে দেন ছক্কা।

এই দুর্দান্ত ম্যাচের পর রোমাঞ্চিত ছিল দুই দলই। হেরে গেলেও আজগার আফগান বলছিলেন, এটা দূরন্ত একটা ম্যাচ ছিল, ‘আমি আয়ারল্যান্ডকে অভিনন্দন জানাতে চাই। তারা সত্যিই দারুণ ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা খারাপ শট খেলেছে। বোলাররা ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে। কিন্তু এটা কঠিন ছিল। তারপরও তারা ভালো খেলেছে। আমাদের সামনে অনেকগুলো ম্যাচ আছে। আমাদের সবাইকে সুযোগ দেওয়ার একটা ব্যাপার ছিল। সিরিজটা খুব ভালো গেল।’

সিরিজের শেষ ম্যাচে হেরে গেলেও আগে দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। আর সিরিজ সেরা হয়েছেন রহমতউল্লাহ গুরবাজ। তিনি বলছিলেন, ‘ম্যাচগুলো খুব ভালো হয়েছে। আমাদের প্রস্তুতি ভালো ছিলো। আমরা নবী, রশীদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

ছক্কা মেরে এই ম্যাচ জেতানো কেভিন ও’ব্রায়েন বলছিলেন, ‘আমি মনে করি, বিশ্বের অন্যতম সেরা বোলারের বিপক্ষে শেষ ওভারে ৮ বা ৯ রান নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। এটা দারুণ একটা জয় ছিল।’