স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজের ঢামাঢোল থেমে গেছে গতকালই। ক্রিকেটাঙ্গন অবশ্য গত কয়েক দিন ধরে ব্যস্ত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আয়োজন নিয়ে। দলবদল সম্পন্ন হওয়ার পর ক্লাবগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২০১৩-১৪ মৌসুমের পর এবার প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল ঢাকার বাইরে। চট্টগ্রাম ও কক্সবাজারে তিন রাউন্ড আয়োজনের সূচিও চূড়ান্ত হয়েছিল। কয়েকটি ক্লাব ইতোমধ্যে বিসিবির খরচে কক্সবাজারে দলও পাঠিয়ে দিয়েছে।
কিন্তু বিসিবির সেই আয়োজনে বাদ সাধলো করোনা ভাইরাসের আতঙ্ক। বিশ্বব্যাপী আলোড়ন তোলা এই ভাইরাসের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। পরিকল্পনা বদলে প্রিমিয়ার লিগ ঢাকায় আয়োজন করার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। দ্রুতই যার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। একই কারণে লিগ কয়েক দিন পিছিয়েও যেতে পারে। গতকাল এমন তথ্যই জানা গেছে বিসিবি থেকে। যদিও আনুষ্ঠানিকভাবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বলছে, অনিবার্য কারণে ভেন্যু বদল হচ্ছে। সিসিডিএমের ইনচার্জ মহিউদ্দিন রাসেল গতকাল জানিয়েছেন, অনিবার্য কারণে ঢাকায় ফেরানো হচ্ছে। তারিখগুলো চূড়ান্ত হলে আমরা আপনাদের জানিয়ে দেব।
চট্টগ্রাম, কক্সবাজারে প্রিমিয়ার লিগ হচ্ছে না, এটুকু নিশ্চিত। কক্সবাজারে চলে যাওয়া ক্লাবগুলোকে ঢাকায় ফেরার নির্দেশনা ইতোমধ্যেই দিয়ে দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ঢাকার কয়েকটি ভেন্যুতেই হবে লিগ। সেটিও নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন দিনক্ষণ চূড়ান্ত করা নিয়েই কিছুটা অপেক্ষা।
সিসিডিএম থেকে জানা গেছে, আগের মতোই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে হবে প্রিমিয়ার লিগের ম্যাচ। তবে পূর্ব ঘোষিত ১৫ মার্চ থেকে লিগ শুরু করা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। কারণ কয়েকটি ক্লাব চলে গেছে কক্সবাজারে। তাদের ঢাকায় ফিরে আসা এবং ম্যাচ খেলার প্রস্তুতির জন্য সময় দরকার। তাই লিগ পেছাতে পারে। যদিও সিসিডিএম কর্মকর্তারা আশাবাদী নির্ধারিত সময়েই লিগ মাঠে গড়াবে। হয়তো সূচিতে কিছুটা পরিবর্তন আসবে এবং প্রথম রাউন্ড ১৫ মার্চই শুরু হবে।
আবার এক রাউন্ড পর ঢাকায় ফেরানোর চিন্তা করছিল সিসিডিএম। কিন্তু পরিস্থিতি বিবেচনায় প্রথম রাউন্ড থেকেই ঢাকায় অনুষ্ঠিত হতে পারে প্রিমিয়ার লিগ। অবশ্য কয়েকটি ক্লাব এখনো মিরপুরে বিসিবি একাডেমিতেই অনুশীলন করছে। গতকাল যেমন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অনুশীলন করেছে মিরপুরে।
করোনা ভাইরাসের আতঙ্কে এর মধ্যে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজে টিকিট বিক্রি কমিয়ে দিয়েছে বিসিবি। গ্যালারিতে ভিড় কমাতেই এই উদ্যোগ। বাতিল হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আয়োজিত মুজিব ১০০ টি-২০ কাপের দুটি ম্যাচও। এবার একই কারণে ঢাকা প্রিমিয়ার লিগও ঢাকায় ফেরানো হচ্ছে। ঝুঁকি কমাতে প্রিমিয়ার লিগ পেছাতে পারে কয়েক দিন।
