বিএনপির প্রতি তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসকে একটি বৈশ্বিক দুর্যোগ হিসেবে অভিহিত করে এ নিয়ে প্রশ্ন এবং রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থলবন্দরে ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দুই জন বাংলাদেশি বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে এসেছেন। বিএনপিকে বলব এগুলো নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক বাদানুবাদ না করে একযোগে কাজ করা প্রয়োজন। তাদেরকে বলব সবকিছুর মধ্যে রাজনীতি না খোঁজার জন্য।’ গতকাল বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নাটোর জেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে সমালোচনা করা। তারা ভুল খোঁজার রাজনীতি করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু কাল্পনিক তালিকা প্রকাশ করা হয়েছে। সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমে এ ধরনের তালিকা প্রকাশ করলে সে দায় তারা এড়াতে পারেন না। যাচাই-বাছাই ছাড়া নাম প্রকাশ করা দায়িত্বশীলতার মধ্যে পড়ে না। দায়িত্বহীনতার দায় তাদেরকে নিতে হবে। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ নাটোর জেলা, থানা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
