ভরাট করা হচ্ছে পুকুর-জলাশয়
আহাদ চৌধুরী তুহিন, ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলা সদর উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার বসিয়ে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। গত তিন মাসে এই বালু দিয়ে চরভেদুরিয়া গ্রামের বেশ কয়েকটি পুকুর ও জলাশয় ভরাট করা হচ্ছে। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চরভেদুরিয়া এলাকায় তেঁতুলিয়া নদীর কিনার থেকে তিনটি ড্রেজার বালু তুলছে। এ বালু দিয়ে বিভিন্ন পুকুর ভরাট করা হচ্ছে। নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, জেলেদের নৌকা চলাচলের নাম করে চর কেটে প্রতিদিন বিক্রি করছে প্রভাবশালীরা। এতে করে ঐ পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর ঐ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিল হোসেন নলীকে বালু উত্তোলনকারীদের পক্ষে ঘুষ প্রদানের চেষ্টা করায় কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে কিছু দিন তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন বন্ধ ছিল। গত তিন মাস ধরে আবারও বালু উত্তোলন শুরু হয়েছে।
ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নদী থেকে বালু তোলার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. সিরাজকে পরিষদে ডেকে এনে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দিয়েছি। ভোলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, বিষয়টি তিনি অবহিত নন। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেব। ভোলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মালেক বলেন, আইন অনুযায়ী রেকর্ডীয় কোনো পুকুর ভরাট করা যাবে না। এতে কেউ যদি ভরাট করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমাদের ভোলা অফিসে জনবল কম থাকায় ভেদুরিয়ার বিষয়টি আমাদের জানা নেই। তারপরও আমরা বিষয়টি দেখব। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
