শিশুদের প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিশুদের উদ্দেশে বলেছেন, ‘৭৫ পরবর্তী আমাদের বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করতে দেয়নি। বঙ্গবন্ধুর কথা স্কুলে-কলেজে বলতে দেওয়া হতো না। তোমরা ইতিহাসের সৌভাগ্যবান শিশু। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তোমাদের শিক্ষকরা আজ ধানমন্ডিতে নিয়ে এসেছেন। গতকাল বুধবার প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’ সংগঠন আয়োজিত ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানালেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে না। এজন্য দেশপ্রেমিক সোনার মানুষ হতে হবে। দেশপ্রেমিক সোনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে তিনি শিশুদের প্রতি আহ্বান জানান।
