ইত্তেফাক রিপোর্ট
পেঁয়াজের সেই আগের ঝাঁজ আর নেই। চলতি সপ্তাহের শুরুতে দাম একটু বাড়তির দিকে থাকলেও গতকাল পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। গতকাল বুধবার রাজধানীর খুচরাবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়।
পেঁয়াজের দাম প্রতিনিয়ত কমতির দিকে থাকায় ভোক্তারা যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। কারণ, ভারত হঠাত্ করে পেঁয়াজ রফতানি বন্ধ করায় গত বছরের এ সময় থেকে পেঁয়াজের দর বাড়তে থাকে। একসময় তা ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত উঠে যায়। অথচ প্রতি বছর পেঁয়াজের দাম মানভেদে ৩০ থেকে ৪৫ টাকার মধ্যে থাকে। আর মৌসুমের সময় তা ২৫ থেকে ৩০ টাকায় নেমে আসে।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশও (টিসিবি) গতকাল তাদের দৈনন্দিন বাজার দরের প্রতিবেদনে দেশি পেঁয়াজের দাম কমার তথ্য জানিয়েছে। তবে সংস্থাটি প্রতিবেদনে আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়ার কথা বলেছে।
এ ব্যাপারে ব্যবসায়ীরা বলেছেন, দেশে এখন দেশি পেঁয়াজের মৌসুম পুরোপুরি শুরু হয়েছে। যে কারণে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ দিন দিন বাড়ছে। এতে দাম কমে গেছে। তবে ভারত এখনো পেঁয়াজ রফতানি শুরু করেনি। আর করোনা ভাইরাসের কারণে চীন থেকে পেঁয়াজ আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এজন্য আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি।
