রেকর্ড পরিমাণ আমন সংগ্রহ

আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:১৮

এ বছর অভ্যন্তরীণ বাজার থেকে রেকর্ড পরিমাণ আমন ধান সংগ্রহ করেছে সরকার। সদ্য শেষ হওয়া এ অভিযানে মোট ৬ লাখ ২৬ হাজার ৬৫৭ টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৫ শতাংশ।

গতকাল বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, আমন ধান কেনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। তিনি বলেন, এর আগে ১৯৯৬-৯৭ অর্থবছরে ১ লাখ ১ হাজার ৯৩ টন আমন সংগ্রহ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, খাদ্য সচিব মোছাম্মত্ নাজমুনারা খানুম, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সরোয়ার মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধান ছাড়াও আমন মৌসুমে ৩ লাখ ৩৭ হাজার ৪০৭ টন সেদ্ধ চাল ও ৪৩ হাজার ৪০১ টন আতপ চাল কেনা হয়েছে, যা লক্ষ্যমাত্রার যথাক্রমে ৯৯ দশমিক ৯৪ শতাংশ ও ৯৮ দশমিক ৮৬ শতাংশ। খাদ্যমন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহে সরকারের ২৫টি টিম মাঠে কাজ করেছে। তারা এ বিষয়টি তদারকি করেছে। এর ফলশ্রুতিতেই এ রেকর্ড অর্জিত হয়েছে। সদ্য শেষ হওয়া এই আমন মৌসুমে দেশের ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে ধান কেনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।