করোনা পরিস্থিতিতে নোংরা রাজনীতি করবেন না

আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনা ভাইরাস পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি না করে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি করবেন না। মানবিক ও সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই পরিস্থিতিতে আপনাদের উচিত সরকারকে সহযোগিতা করা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। মুজিববর্ষ উদ্যাপনের উদ্বোধনী কর্মসূচির পুনর্বিন্যাস ও সমসাময়িক ইস্যুতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্য ও দুই সিটি মেয়রদের সঙ্গে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনার কারণে রাজনীতিতে কর্মসম্পর্ক বিএনপিই নষ্ট করেছে। বিএনপিকে বলব এই সময়ে রাজনৈতিক বিষোদ্গার থেকে বিরত থাকুন। করোনা ভাইরাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ সবার আগে কেন্দ্রীয়ভাবে প্রস্তুতি নিয়েছে। এখানে সংক্রমণ সে পর্যায়ে আসেনি। তার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

আওয়ামী লীগের তিন মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনকে আগামী মে থেকে জুন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন,  চলতি মার্চে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটি তিন বছর অতিক্রম করবে। আপাতত জমায়েত জাতীয়, সভা-সমাবেশ জাতীয় যে কোনো ধরনের জমায়েত আমাদেরকে পরিহার করে চলতে হবে। এখন আমাদের কোনো কনফারেন্সও আমরা করছি না। মার্চ এবং এপ্রিল— এই দুই মাসে কোনো সম্মেলন বা কোনো সভা-সেমিনারের আয়োজনে যাচ্ছি না। এই দুই মাস আমাদেরকে ঘরোয়া সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে নজর দিতে হবে। যাদের সম্মেলন হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। তাদের প্রতি নির্দেশ হচ্ছে, অনতিবিলম্বে কমিটি জমা দেবেন। এটা আপনাদের প্রতি আমাদের নেত্রীর নির্দেশ। আমি জানিয়ে দিলাম।’

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুর নাহার লাইলীসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।