সাবেক সংসদ সদস্য শিল্পপতি রহিম উদ্দিন ভরসা আর নেই

আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:২৩

সাবেক সংসদ সদস্য, ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসা আর নেই। তিনি গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৯ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে মোনায়েম হোসেন ফারুক।

রহিম উদ্দিন ভরসা ১৯৩৫ সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তার পিতা মনের উদ্দিন পাইকার। রহিম উদ্দিন ভরসা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। এছাড়া তিনি রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সাবেক সাংসদ সাহানারা বেগম, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (মায়া), প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আনছারী, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।