স্ট্যান্ড রিলিজ হওয়া সেই জেলা জজ মো. আব্দুল মান্নানকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে তাকে ঐ জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করেছে আইন মন্ত্রণালয়। গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৩ মার্চ পৃথক তিনটি দুর্নীতির মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল দম্পত্তির জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান। ঐ জামিন আবেদন খারিজের পর আইনজীবীরা আদালত বর্জন করেন। পাশাপাশি আউয়ালের সমর্থকরা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন দেন। উদ্ভূত পরিস্থিতিতে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মান্নানকে স্ট্যান্ড রিলিজ করে আইন মন্ত্রণালয়। একইসঙ্গে যুগ্ম দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব দেওয়া হয়। এরপরই আউয়ালের আইনজীবীরা ঐ আদালতে জামিন খারিজের আদেশ পুনর্বিবেচনার আবেদন দেন। এরপর বিকালে ঐ দম্পত্তির জামিন মঞ্জুর হয়।
