ব্যাংক ঋণের সুদের হার কমাতে যেয়ে আমানতের সুদের হারও কমানো হয়েছে। এরই মধ্যে আমানতের সুদের হার বাস্তবায়ন শুরু করেছে ব্যাংকগুলো। তারই ধারাবাহিকতায় ব্যাংকের চেয়ে যেসব জায়গায় আমানত রাখলে বেশি সুদ পাওয়া যায় সেগুলোর সুদহার কমানো শুরু হয়েছে। যাতে মানুষ ব্যাংক বিমুখ না হয়ে পড়ে। কমানো হয়েছিল ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহারও। তবে গতকাল বুধবার থেকে আগের মতোই সুদ পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল বুধবার সচিবালয়ে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাব কার্যক্রম অটোমেশনের জন্য ওয়েবভিত্তিক ডেটাবেজ সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান অর্থমন্ত্রী। জাতীয় পরিচয়পত্রভিত্তিক এ প্রক্রিয়া আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে বলে জানান তিনি। অটোমেশনের ফলে খুব কম সময়ে হিসাব খোলা, অর্থ জমা ও উত্তোলন সেবা পাওয়া যাবে। ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ ও মেয়াদি হিসাবের পুরোটাই এ অটোমেশনের আওতায় আসছে।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রভিত্তিক সিস্টেম গ্রাহকের ছবিসহ যাবতীয় তথ্য যাচাই করে নির্ভুল মুনাফা ও মূল অর্থ পরিশোধ করবে। অটোমেশনের ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী মুনাফার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হবে। গ্রাহক মোবাইল ও ই-মেইলের মাধ্যমে তার হিসাবে জমা, উত্তোলন ও স্থিতির তথ্য জানতে পারবেন।
প্রসঙ্গত, ডাকঘর সঞ্চয় স্কিমের মেয়াদি হিসাব ও সাধারণ হিসাবের সুদহার কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। সুদহার আগের জায়গায় ফিরে আসায় তিন বছরমেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমে ১১ দশমিক ২৮ শতাংশ সুদ, মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য ১০ দশমিক ২০ শতাংশ সুদ, দুই বছরের ক্ষেত্রে ১০ দশমিক ৭০ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।
