অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২০, ০০:৪৩

রাজধানীতে অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অপরাধে পাঁচ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একটি ফার্মেসিকে সতর্কসহ ৫০টি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাসকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার মজুত করে সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। যা আইনের পরিপন্থি।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাঈম জানান, গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ জরুরি পণ্য বেশি দাম রাখায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘ময়না’ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মিরপুর-১৩ এ বাণিজ্য মন্ত্রণালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় নূর ফার্মেসিকে ৫ হাজার টাকা; মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় আহসান ফার্মেসিকে ২০ হাজার টাকা; প্রাইম ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।