আদালতের রায় দিয়ে স্লোগান নির্ধারণ করা যায় না : রিজভী

আপডেট : ১২ মার্চ ২০২০, ০০:৪৪

মানুষ কে কী স্লোগান দেবে তা আদালতের রায় দিয়ে হয় না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জয় বাংলা, মানে বাংলার জয়। যখন বাংলা পরাধীন ছিল তখন জয়ের প্রশ্ন আসছে। ১৯৭১ সালে মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছেন। এরপর তো স্বাধীন হয়ে গেছে দেশ। এখন হচ্ছে টিকে থাকার ব্যাপার। চারিদিকে যারা বাংলাদেশকে ছোটো করে রাখতে চায়, খাটো করে রাখতে চায় তাদের আধিপত্য বজায় রাখতে চায়, এই সব জায়গা থেকে এখন বাংলাদেশের টিকে থাকার প্রশ্ন। এই টিকে থাকার জন্য স্লোগান অপরিহার্য। সুতরাং কে কোন স্লোগান দেবে, কোন রাজনৈতিক দল কীভাবে স্লোগান দেবে? কী দেবে? সেটা আদালতের রায় দিয়ে হয় না।

গতকাল বুধবার নয়াপল্টনে দলের অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, পাকিস্তানিরা গণতান্ত্রিক অধিকার দেয়নি বলেই তো সেটা যুদ্ধের দিকে টার্ন নিল। সুতরাং আমি কোন স্লোগান দেব আদালত কেন পরামর্শ দিতে যাবে?