তথ্য গোপন করে হাইকোর্টে জামিন নিতে এসে ধরা খেলেন দুই আসামি

আপডেট : ১২ মার্চ ২০২০, ০০:৪৬

তথ্য গোপন করে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন নিতে গিয়ে ধরা খেলেন দুই ব্যক্তি। এরা হলেন—কক্সবাজারে চকরিয়া থানার ছায়েরাখালীর জামাল উদ্দিন ও কামাল উদ্দিন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের আইনজীবীকে প্রতারণার মামলা দায়েরের পাশাপাশি কারণ দর্শাতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনে তথ্য গোপনের বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাহীন মৃধা।