সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।
জানা গেছে, মানহানির অভিযোগ এনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলাটি দায়ের হয়। ক্র্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোরছালীন বাবলা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা মামলা দায়ের করে পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি। এতে বাক্স্বাধীনতা রুদ্ধ হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও আল-আমিনকে পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন ক্র্যাব নেতৃবৃন্দ।
