আওয়ামী লীগের সভা-সমাবেশ এপ্রিল মাস পর্যন্ত স্থগিত

আপডেট : ১২ মার্চ ২০২০, ০০:৪৬

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও সেমিনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় এ সিদ্ধান্ত গ্রহীত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদকিদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, আলোচনা সভা, সেমিনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।’ তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। এছাড়াও জুন মাসের মধ্যে আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে তাদের কাউন্সিল সমাপ্ত করার নির্দেশনা দেন তিনি।