মহামারী হিসেবে আখ্যা পাওয়া করোনা ভাইরাস ঠেকাতে বিশ্বব্যাপী ভিসায় কড়াকড়ি আরোপ করেছে ভারত। গতকাল দেশটি কিছু গুরুত্বপূর্ণ ভিসা ছাড়া সব ধরনের ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। কাল ১৩ মার্চ থেকে ভিসাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো এই তথ্য জানিয়েছে।
গতকাল গ্রুপ অব মিনিস্টারদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীগন উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা, চাকরি সংক্রান্ত ও প্রকল্প ভিসা ছাড়া সব ধরনের ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। ওসিআই কার্ড হোল্ডারদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা ছিল। সেটিও ১৫ এপ্রিল পর্যন্ত মূলতবি থাকবে। ভারতে ভ্রমণ করা যদি কারো জন্য বাধ্যতামূলক হয় তাহলে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে হবে। চীন, ইতালি, ইরান, রিপাবলিক অব কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে আসা ভারতীয় কিংবা অন্য যে কোনো দেশের নাগরিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
