বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের বিস্তারকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের ১১৪টি দেশে কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেবরেয়েসাস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ডব্লিউএইচও নিবিড়ভাবে এই ভাইরাসের বিস্তার পর্যবেক্ষণ করছে। আতঙ্কজনক হারে বাড়তে থাকা এ ভাইরাসের বিস্তার ও তীব্রতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে আতঙ্কিত মাত্রার উদাসীনতাও লক্ষণীয়। আমরা প্রতিদিন দেশগুলো আরো জরুরি ও আগ্রাসি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছি। তার মতে, এ ভাইরাসের বিস্তার এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব। চীন ও দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ কমে আসা সেটাই প্রমাণ করে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর পর বেশ কিছু শীর্ষস্থানীয় রাষ্ট্র ও সরকারপ্রধানের সংক্রমিত হবার ঝুঁকি নিয়ে বেশ কিছু খবর সংবাদ মাধ্যমে এসেছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো নেতাদের নামও রয়েছে।
ব্রিটেনে এক জন জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম নাদিন ডরিস। গত বৃহস্পতিবার তার করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ ধরা পড়ে। স্বাস্থ্যকর্মীদের যা ভাবিয়ে তুলেছে তা হলো সেদিনই ডরিস ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দেওয়া এক সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। ডরিস নিজে জানিয়েছেন যে, তিনি এখন চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কি না বা পরীক্ষা করা হবে কি না, এ বিষয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট কোনো মন্তব্য করেনি।
মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে করোনা ভাইরাস সংক্রমিত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর পাঁচ জন রিপাবলিকান নেতা নিজেদের কোয়ারেনটাইন করেছেন। ফেব্রুয়ারির শেষদিকে ঐ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। তবে ট্রাম্প নিজেই জোর দিয়ে বলেছেন, তিনি এর পর করোনা ভাইরাস সংক্রমণের কোনো পরীক্ষা করাননি এবং তার স্বাস্থ্য ভালো আছে।
নভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০০ জনের বেশি মানুষের। এই ভাইরাসের উত্পত্তিস্থল চীনের হুবেই প্রদেশে সংক্রমণ ও মৃত্যুর হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রদেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। যদিও বিদেশি ও বিদেশফেরত চীনাদের মাধ্যমে এ ভাইরাস আবারও ছড়ানোর ঝুঁকি রয়েছে।
চীন যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন এ ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ইউরোপ। বিশেষ করে ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত মানুষ ও মৃতের সংখ্যা। দেশটিতে ৬ কোটি মানুষকে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এর পরও এক দিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৬৩১ জনে দাঁড়িয়েছে আর আক্রান্ত ১০ হাজার ১৪৯ জন। ইতালির সিভিল প্রকশন এজেন্সি বলছে, আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। পরিস্থিতি মোকাবিলায় ইতালির সরকার অতিরিক্ত ২৫ বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে।
জার্মানিতে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেছেন যে, জার্মানির ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি সভা-সমাবেশ এড়ানোর আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত জার্মানিতে প্রায় ১ হাজার ৩০০ মানুষ আক্রান্ত হয়েছেন। স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতা করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপের ২৭ দেশের নেতারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক বৈঠকে গতকাল মিলিত হন।
যুক্তরাষ্ট্রে সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা এখন ৩১। এখন থেকে নিউ ইয়র্কের নিউ রোশেলে ‘নিয়ন্ত্রিত এলাকায়’ কোয়ারেন্টাইনে থাকা মানুষকে খাবার সরবরাহ করবে সেনারা। সিনেটের মাইনোরিটি নেতা চাক শুমার জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাবেন। এ ব্যাপারে তিনি প্রস্তুতি নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) এর প্রধান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য ড. অ্যান্থনি ফৌকি মার্কিন হাউজ ওভারসাইট কমিটির এক শুনানিতে গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের অবস্থা আরো খারাপ হবে। খারাপ সময় এখনো আসতে বাকি। মার্কিন ও চীনা গবেষকদের একটি টিমের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ১০ হাজারের বেশি হতে পারে। যাদের বেশির ভাগই এখনো শনাক্ত হয়নি।
ইরানে মঙ্গলবার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৫৪ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ হাজারেরও বেশি। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ফ্রান্স, জার্মানি এবং স্পেনের নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান প্রদেশে ১৪ বছরের এক কিশোরের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। দেশটিতে ২০ জনের শরীরে এখন পর্যন্ত সংক্রমণ ধরা পড়েছে। ইন্দোনেশিয়া, পানামা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্বেগের মধ্যে ইরাকের কারবালা শহরে জুমার নামাজের জামাত বাতিল করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে মার্কিন ফরেন রিলেশন কাউন্সিল আগামীকাল শুক্রবার নিউ ইয়র্কে বৈঠক ডেকেছিল। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কেই শেষমেশ এ বৈঠক বাতিল করা হয়েছে। বিশ্ব জুড়ে পর্যটন খাত বড়ো ধরনের ক্ষতির মুখে পড়েছে।
