রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকার একটি বাসায় ঢুকে জোবাইদা জালাল সামান্থা নামে অন্তঃসত্ত্বা এক নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শাহ আলী থানার ওসি সালাহ উদ্দিন মিয়া বলেন, কী কারণে এ ঘটনা ঘটে বা কারা এতে জড়িত তা এখনো জানা যায়নি। স্বজনরাও এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি। তবে ঐ তরুণী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সক। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সামান্থার স্বামী মাহবুব হোসেন রানা জানান, শাহ আলীর সি ব্লকের পাঁচ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির পঞ্চম তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গতকাল বিকাল ৫টার দিকে হামলার ঘটনাটি ঘটে। তখন তিনি কর্মস্থলে ছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় ঢুকে সামান্থার মুখ চাদর দিয়ে ঢেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
