করোনায় মহামারিতে কাঁপছে বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বিভিন্ন দেশের মানুষ। আর এবার সেই তালিকায় যুক্ত হলো অস্ট্রিয়া। দেশটিতে প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন এক বৃদ্ধ।
বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়, অস্ট্রিয়ায় রাজধানী ভিয়েনায় করোনায় আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩০২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ৪জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
আরও পড়ুন: করোনা ভাইরাস: কোয়ারেনটাইনে রোনালদো
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস। করোনা ভাইরাসে এখন পর্যন্ত পুরো বিশ্বজুড়ে এক লাখ ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার দুইশ ছাড়িয়েছে।
গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়ার পর প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার৭শ ছাড়িয়েছে। চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার৭শ জনের বেশি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু চীনেই মারা গেছেন ৩ হাজার১৬৯ জন।
ইত্তেফাক/আরআই
