দুঃখ ভাগ করলে অর্ধেক হয়
আনন্দ দ্বিগুণ—
সংসারে কিছু দুঃখ একান্তই নিজের
এক চোখ দেখে না অন্য চোখের উপচানো ঢল।
বলো—কী করে দুঃখভাগী হবে?
রোদের খামে তোমার চিঠি
নাচন লাগায় রোমকূপে,
নিংড়ানো সুখের কথা কেউ জানে না
স্নানঘরের আয়নাও না,
আনন্দ কীভাবে দ্বিগুণ হবে?
তুমি সংক্রান্ত সবটুকু সুখ শুধুই আমার,
আনন্দ-দুঃখের সম্মিলনে
সবটুকু তুমিই আমার
একান্তই আমার।
