স্বাধীনতার কবি

আপডেট : ১২ মার্চ ২০২০, ১৯:২৮

স্বাধীনতা শব্দটি তো রক্ত দিয়ে লেখা

আজকে যে এই শব্দ ঘিরেই হাজার স্বপ্ন দেখা।

স্বাধীনতা পাই খুঁজে পাই কথায় এবং কাজে

স্বাধীনতা গান-কবিতার ছন্দসুরে বাজে।

 

স্বাধীনতা ছবি আঁকার তুলির টানে টানে

স্বাধীনতা কেমন মজা ফড়িং-পাখিও জানে।

বলছি কথা, চলছি পথে, কেউ বলে না থাম

অর্থ দিয়ে যায় না মাপা স্বাধীনতার দাম।

 

দুঃখ ভুলে স্বাধীনতার সুখ হূদয়ে মাখি

আঁধার ছিঁড়ে আলোর দিকে দুরন্ত পা রাখি।

স্বাধীনতা জিয়নকাঠি, উজ্জীবনের গান

ভয় তাড়ানোর মন্ত্র শেখায়, সাহস করে দান।

 

স্বাধীনতার রঙের মতো আমার ঠোঁটের হাসি

যখন-তখন বুকের ভেতর বাজে সুখের বাঁশি।

আমার আছে স্বাধীনতা, তাই দিয়ে দেশ গড়ি

যতই বাধা সামনে আসুক বুক ফুলিয়ে লড়ি।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার কবি

বাংলাদেশের ছবির মতো ঠিক যেন তাঁর ছবি।