গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া

আপডেট : ১২ মার্চ ২০২০, ২১:৫৩

বিনামূল্যে বই, ছাত্রছাত্রীদের উপবৃত্তি, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান ছাড়াও নানাবিধ সুযোগ-সুবিধা দিয়ে একজন সাধারণ শিক্ষার্থীকে পড়ালেখার ক্ষেত্রে উত্সাহ দিয়ে যাচ্ছে সরকার। কিন্তু অন্তত দুঃখের বিষয় যে, বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াতের ক্ষেত্রে হাফ ভাড়ার জন্য গণপরিবহনের নিগৃহীত হচ্ছে। সারা দেশে বিভিন্ন রুটে হাজারেরও বেশি বাস চলাচল করে। এসব গণপরিবহনের হাতেগোনা কয়েকটিতে হাফ ভাড়ার প্রচলন রয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিআরটিসির বাসেও হাফ ভাড়া নেই বলে স্টিকার লাগানোর দুঃসাহস দেখানো হচ্ছে। অধিকাংশ বাসেই হাফ ভাড়া দিতে গেলে নিগ্রহের শিকার হতে হয় শিক্ষার্থীদের। গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বচসা হচ্ছে। হাফ ভাড়া দিতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ অবস্থায় আইন করে গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার যদি কোনো বিধান না থাকে, তাহলে সেটা করা হোক—এটাই আমাদের দাবি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সত্যজিত্ দেব

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম