স্বাস্থ্য মন্ত্রণালয়কে থার্মাল স্ক্যানার দিল সামিট গ্রুপ

আপডেট : ১২ মার্চ ২০২০, ২১:৫৫

দেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপ, কার্যকরিভাবে এবং দ্রুততার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে আগত যাত্রীদের তাপমাত্রা শনাক্তকরণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৫টি বিশ্বমানের থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে।

এই থার্মাল স্ক্যানারগুলো যাত্রীদের সঠিকভাবে জ্বর শনাক্তকরণে সাহায্য করবে, যা করোনা ভাইরাসের (কভিড-১৯) একটি প্রধান উপসর্গ। যাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিমানবন্দর এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ যাত্রীদের কোয়ারেন্টাইন কার্যক্রমকে ত্বরান্বিত করবে। সামিটের পৃষ্ঠপোষকতায় এই থার্মাল স্ক্যানারগুলো স্থাপনে সহযোগিতা করার জন্য সিঙ্গাপুর থেকে দুই জন কর্মকর্তা এসেছেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সামিট গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. লতিফ খানের কাছ থেকে থার্মাল স্ক্যানারগুলো গ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও আরো উপস্থিত ছিলেন সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান, ফাদিয়া খান ও সালমান খান। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, এই সংকটের সময় বিশ্বমানের এই থার্মাল স্ক্যানারগুলো সরবরাহের মাধ্যমে দেশবাসীকে সেবার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ। —প্রেসবিজ্ঞপ্তি