টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:০১

কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় র্যাবের তিন জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৫, টেকনাফের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুরস্থ মেরিন ড্রাইভ এলাকায় অভিযানে গেলে সশস্ত্র          রোহিঙ্গা ডাকাত দল র্যাবের দলটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে র্যাব সদস্য হাবিলদার খায়রুল, এএসআই আবু কাইসার ও সার্জেন্ট হুমায়ূন আহত হন। এরপর র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পালটা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে পাওয়া যায়। তারা হলো—রামু উমখালীর আব্দু শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ওরফে ডিবি সাইফুল ও হ্নীলা পশ্চিম লেদার নুর আহমদের ছেলে নুর কামাল (৩৪) ওরফে সোনাইয়া। দুজনেই দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত দল জকির গ্রুপের সহযোগী। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, দুইটি খালি খোসা এবং নগদ ৪০ হাজার ৫০০ টাকা। আহত র্যাবের আহত তিন সদস্য এবং গুলিবিদ্ধ ডাকাতদের চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে দুই ডাকাত মারা যায়। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স.বিএন, পিপিএম) সংবাদ কর্মীদের এ সমস্ত তথ্য জানিয়ে বলেন, এই ব্যাপারে তদন্তসাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।