শিল্পপতি রহিম উদ্দিন ভরসাকে আজ রংপুরে দাফন

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:০১

সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি রহিম উদ্দিন ভরসার প্রথম জানাজা গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ শুক্রবার বাদ আছর রংপুরের হারাগাছ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

জানাজার আগে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। জানাজায় বিএনপির জয়নাল আবদিন ফারুক, মো. হারুন অর রশিদ এমপি, সাবেক এমপি নিজাম উদ্দিন, আওয়ামী লীগের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, মো. হাবিবে মিল্লাত এমপি, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে মরদেহ হেলিকপ্টার যোগে রংপুরে আনা হয়েছে। শিল্পপতি রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গভীর শোক প্রকাশ করেছে। 

ছোটোবেলা থেকেই ব্যবসার সঙ্গে জড়িত হন রহিম উদ্দিন ভরসা। গড়ে তোলেন ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিকবার বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, রহিম উদ্দিন ভরসা গত বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।