বিসিবি পরিচালকের ওপর ছাত্রলীগ-যুবলীগের চড়াও হওয়ার অভিযোগ

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:০৭

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলোর ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠেছে একদল ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার নগরীর ভাটারখালে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পাশের কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলো গণপূর্তের প্রবীণ ঠিকাদার। কিন্তু সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল দলবল নিয়ে আকস্মিক আলোর সঙ্গে উদ্ধত আচরণ করেন। এমন ঘটনায় সকলেই বিস্মিত হন। এমনকি উজ্জ্বলের মামা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মিন্টু পরে উজ্জ্বলকে ডেকে মীমাংসার জন্য বসেন।

গণপূর্তের ঠিকাদার ছাত্রলীগ নেতা বাঘা সোহেল বলেন, তিনি গিয়ে দেখেন আলো ভাই ও উজ্জ্বলের মধ্যে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এ জন্যই মিজানের অনুসারী ছাত্রলীগের কয়েকজন আলোর ওপর চড়াও হয়।

ঘটনাস্থলে উপস্থিত গণপূর্তের ঠিকাদাররা জানান, আপত্তিকর মন্তব্যের জেরে মিজানের সঙ্গে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন আলোর ওপর। তবে বিষয়টি মিটমাট হয়েছে বলে জানান ঠিকাদার আজাদ রহমান। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাঘার উপস্থিতিতে ক্ষমা চাওয়ানো হয়েছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো বলেন, আমি ওদের সিনিয়র। ওরা সবাই আমার ভাগিনা। ওদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।