বিদেশফেরত ১৩৫ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৩

করোনা ভাইরাস সন্দেহে বিভিন্ন স্থানে বিদেশ ফেরত লোকজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নিজ নিজ বাড়িতে টানা ১৪ দিন অবস্থান করতে বলা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মানিকগঞ্জে ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে বৃহস্পতিবার বিদেশফেরত আরো ৩০ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত চার দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশফেরত ১০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের শরীরে এখনো করোনা ভাইরাস পাওয়া যায়নি।

গৌরনদীতে চার প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

বরিশাল অফিস জানায়, গৌরনদী উপজেলায় ইতালিফেরত চার প্রবাসীকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

ফেনীতে ১২ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

ফেনী প্রতিনিধি জানান, করোনা ভাইরাস সন্দেহে বিদেশ থেকে আসা ১২ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, এর মধ্যে ইতালি  থেকে আসা ১০ জন, কুয়েত থেকে এক ও চীন থেকে একজন রয়েছেন। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জে চার জন হোম কোয়ারেন্টাইনে

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, চার জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে তিন জন ও নিকলীতে একজন রয়েছেন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সবাই বিদেশ ফেরত। তাদেরকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা পর্যবেক্ষণে রেখেছেন।

দিনাজপুরে শিক্ষার্থী হোম কোয়ারেন্টাইনে

দিনাজপুর প্রতিনিধি জানান, চীন ফেরত এক শিক্ষার্থীকে করোনা সন্দেহে দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত বুধবার তার নমুনা সংগ্রহ করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর একটি টিম। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, চীন ফেরত ঐ ছাত্রের জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর গত মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

কুড়িগ্রামে এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, দুবাই থেকে আসা এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  নজরুল ইসলাম।  তিনি বলেন, দুবাই  ফেরত ঐ বাংলাদেশি এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে দুই জন হোম কোয়ারেন্টাইনে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন ইতালি ফেরত এবং একজন ভারত থেকে চিকিত্সা নিয়ে দেশে ফিরেছেন।  চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদীতে দুই জন হোম কোয়ারেন্টাইনে

নরসিংদী প্রতিনিধি জানান, ইতালি ফেরত দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, সচেতনতা বৃদ্ধি ও প্রবাস ফেরত ব্যক্তিদের বিষয়ে সতর্কতামূলক নজরদারি করা হচ্ছে।