করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৪

নভেল করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ, সচেতনতামূলক সভাসহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধ কমিটি গঠনসহ প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইন কেন্দ্র। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ধামরাই (ঢাকা) :উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরা। তিনি জানান, করোনা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি এরই মধ্যে গঠিত হয়েছে। উপজেলার কৃষ্ণনগরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।

নরসিংদী :নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বৃহস্পতিবার নরসিংদী সাহেপ্রতাব মোড় এলাকায় বিভিন্ন যানবাহন, যাত্রীসাধারণ ও পথচারীদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন।

ভোলা : ভোলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাণীনগর (নওগাঁ) :রাণীনগরে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ মানুষের বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার রেলস্টেশন, রাণীনগর বাজার, বিজয়ের মোড়, উপজেলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এসব বিতরণ করা হয়।

হোসেনপুর (কিশোরগঞ্জ) :হোসেনপুরে করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতামূলক সভা করেছে থানা পুলিশ। হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়।

কালাই (জয়পুরহাট) :কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ উপজেলা পরিষদ চত্বর থেকে কালাই বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড়, কালাই কেন্দ্রীয় মসজিদ মার্কেট, কালাই পৌরবাজারসহ জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন।

জুড়ী (মৌলভীবাজার) :জুড়ী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সতর্কতামূলক বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত্ সিংহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলাদা ভবনে ৩০টি শয্যা প্রস্তুত করা আছে। তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।