উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ভয়াবহ আগুনে চার পরিবারের ১৪ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে আহেলার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে জোনাব আলীর তিনটি, মারুফার তিনটি বসতঘর ও একটি রান্নাঘর, সাবেক মেম্বার জিকরুল মিয়ার চারটি বসতঘর ও একটি রান্নাঘর এবং দেলোয়ার হোসেনের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয় কিছু মানুষ গাড়ি দেরিতে পৌঁছানোর অভিযোগ করে গাড়ি আটকে রাখে ও কর্মীদের মারধরের চেষ্টা করে। ফলে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, সেখানে বড়ো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে বেশকিছু ঘর পুড়ে গেছে।
