অতিরিক্ত দামে মাস্ক বিক্রি শালিখায় তিন জনকে জেল ও জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৪

শালিখায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার অপরাধে একজনকে পাঁচ দিন জেল ও দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের আদালত এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত মতিনুজ্জামান শেখ আড়পাড়া বাজারের শেখ গার্মেন্টের মালিক। জরিমানাপ্রাপ্তরা বুনাগাতী বাজারের ব্যবসায়ী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ৩০ টাকার মাস্ক ১৫০ টাকায় বিক্রি করার দায়ে এসব জেল ও জরিমানা করা হয়।

মিঠাপুকুরে দুই জনকে জরিমানা

এদিকে মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মাস্কের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় মিঠাপুকুর গোসাইহাট এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে ১ হাজার ও নুরুল আমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে হঠাত্ মাস্কের দাম বাড়িয়ে দেওয়ার কারণে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা মোতাবেক ঐ দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।