রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত শিল্প কারখানায় ব্যবহার হওয়া ৪২ ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে বড়ো ধরনের শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। কিছু শর্তে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর ওপর প্রযোজ্য সব ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি), সম্পূরক শুল্ক (এসডি), ভ্যাট ও আগাম কর (অ্যাডভান্স ট্যাক্স বা এটি) প্রত্যাহার করা হয়েছে। এসব যন্ত্রপাতি, সরঞ্জাম মূলত শিল্পে ব্যবহার হয়ে থাকে। গত ১০ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। অবশ্য এনবিআরের শুল্ক বিভাগের একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, এসব সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সুবিধা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই পেত। কিন্তু নতুন ভ্যাট আইনে ভ্যাট সংক্রান্ত সুবিধার বিষয়টি ভুলক্রমে যুক্ত না হওয়ায় কিছুটা সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টি দেওয়ার মাধ্যমে এ আমদানির সুবিধা দেওয়া হতো। এতে কিছুটা জটিলতা ছিল। এ জন্য নতুন করে আদেশ জারি করা হয়েছে।
