বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ

শিরোপা ধরে রাখতে চায় আবাহনী

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:১৮

বুধবার রাতে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি মুশফিকুর রহিম। লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখরাই ম্যাচ শেষ করে ফেলেছেন। আন্তর্জাতিক সিরিজ শেষ হওয়ার পর নতুন ভোরেই অনুশীলনে নেমে পড়েছেন মুশফিক। গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে আবাহনী লিমিটেডের অনুশীলনে সকালেই হাজির হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের অনুশীলন শুরু করেছিল ক্লাবগুলো এক সপ্তাহ আগে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ায় গতকাল যেন পূর্ণতা পেয়েছে ক্লাবগুলোর প্রস্তুতি। সকালে আবাহনী, দুপুরের আগে প্রথম বিভাগ থেকে উঠে আসা পারটেক্স স্পোর্টিং ক্লাব ও দুপুরের পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অনুশীলন করেছে। ১৫ মার্চ মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ প্রিমিয়ার লিগ।

মুজিব ১০০ টি-২০ কাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতেই প্রিমিয়ার লিগ চট্টগ্রাম, কক্সবাজার থেকে ফেরানো হয়েছে ঢাকায়। এ আসরেও শক্তিশালী দল গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। এবারও শিরোপা ধরে রাখতে চায় ক্লাবটি। গতকাল অনুশীলনে এমনটাই বলেছেন ক্লাবটির কোচ খালেদ মাহমুদ সুজন।

আবাহনীর কোচ ট্রফিতে চোখ রেখেই প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করেছেন। গতকাল তিনি বলেছেন, ‘অপরাজিত থাকতে তো ভালো লাগবেই। কিন্তু দিন শেষে আমি চ্যাম্পিয়ন হতে চাই। আমি দুই ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছি সেটা জরুরি না। অপরাজিত থাকাটা অবশ্যই একটা কৃতিত্ব।’

এরই মধ্যে গরম পড়ে গেছে। গতকাল সকালের পরই রোদ বেশ তেতে উঠেছিল। প্রিমিয়ার লিগ তাই সহজ হবে না ক্রিকেটারদের জন্য। সুজন বলেছেন, প্রিমিয়ার লিগে ছোটো-বড়ো দল নেই। অঘটন ঘটতেই পারে। প্রথম রাউন্ডে মিরপুর স্টেডিয়ামে পারটেক্সের বিরুদ্ধে মাঠে নামবে আবাহনী। গতকাল তিনি বলেছেন, ‘আমি মনে করি যে ১৬টা ম্যাচ হবে, গরম থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমরা খারাপ খেলতে পারি, কেউ আমাদের চেয়ে ভালো খেলতে পারে। আর এখানে আসলে ছোটো-বড়ো দল নেই। প্রিমিয়ার লিগে গত কয়েকবছর ধরে আমি দেখি যে যে কোনো দল আপনাকে আপসেট করে দিতে পারে।’গত কয়েক বছর ধরেই শক্তিশালী দল গড়ছে আবাহনী। এবার লিগে থাকছে না বিদেশি ক্রিকেটার। সুজনের চোখে এবারের দলটিই সেরা। গতকাল তিনি বলেছেন, ‘আমি যত বছর আবাহনীর সঙ্গে আছি, এই বছর সবচেয়ে ভালো দল। এতো এতো ন্যাশনাল টিমের প্লেয়ার, আর পারফরমার সত্যি কথা বলতে। নাঈম শেখ, শান্ত, লিটন, আফিফ, মুশফিক, মোসাদ্দেক, সাইফউদ্দিন, তাইজুল, আরাফাত সানি, বিপ্লব— সবাই দারুণ পারফরমার। এখানে প্রাইম ব্যাংক, গাজী ভালো দল বানিয়েছে। কঠিন হবে, সহজ হবে না। আমি মনে করি তার পরেও আবাহনীর সামর্থ্য আছে।’

বিপিএলে পাওয়া কাঁধের ইনজুরি কাটিয়ে প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ক্যারিয়ারে প্রথম আবাহনীর জার্সিতে খেলবেন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত আবাহনী। দলের নেতৃত্বও দিবেন মুশফিক। সুজন বলেছেন, ‘বিশেষ করে মুশফিক আসাতে আমরা অনেক আনন্দিত। মুশফিকের মতো একজন লোক পাওয়া যে সামনে থেকে নেতৃত্ব দেবে।  আমি মনে করি ওর সিনসিয়ারিটি সবাইকে মোটিভেটেড করবে। সে যে অধিনায়ক, এটাও গুরুত্বপূর্ণ। যেমন কাল (বুধবার) রাতে ম্যাচ খেলল। আজ (গতকাল) সকালে অনুশীলনে আসা, এটা ওর সিনসিয়ারিটিও বোঝায়। বা তার ডেডিকেশন কতটুকু আছে।’