‘নেতা’ নেইমারে ফাঁড়া কাটল পিএসজির

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:২২

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ভুলতে বসা স্বাদটা পাইয়ে দিলেন নেইমার। এক গোল করলেন, সৃষ্টি করলেন আরেকটির সুযোগ। আর তাতে ভর করেই বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা।

নেইমার যখন বার্সা ছাড়েন, প্রধান কারণ ছিল দলের নেতা হয়ে ওঠার তীব্র ইচ্ছাই। পিএসজিরও প্রয়োজন ছিল তেমন একজনের। কিন্তু শেষ দুই বছরে চোটাঘাত সেটা হয়ে উঠতে দেয়নি তাকে। এ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে খেললেন দুই লেগেই। তাতেই দল পেরোল শেষ ষোলোর বাধা।

বরুসিয়ার মাঠে আগের লেগে ২-১ ব্যবধানে হারলেও বুধবার রাতে প্যারিসকে এগিয়ে রাখছিল অ্যাওয়ে গোলটি। সে অনুপ্রেরণায় শুরু থেকেই ম্যাচের কর্তৃত্ব নিয়েছিল পিএসজি। করোনা ভাইরাসের কারণে ফাঁকা গ্যালারির সামনে এই ম্যাচে এগিয়ে যেতে দলটি সময় নেয় ২৮ মিনিট। নেইমারের এই গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে তারা।

যোগ করা সময়ে হুয়ান বের্নাতের গোল। পাবলো সারাবিয়ার পা থেকে জোগানটা এলেও এই গোলের সূচনাটাও ছিল নেইমারের পা থেকেই। তাতে ২০১৬ সালের পর আবারও শেষ ষোলোয় পা রাখে প্যারিসের দলটি।

এদিন আরো বহু কীর্তি গড়েছেন নেইমাররা। এই ম্যাচে গোল করে টানা ৩২তম ম্যাচে গোল করার কীর্তি গড়ে পিএসজি। শেষ আটের দুই লেগে গোল করতে পারলে ছুঁয়ে ফেলবে রিয়াল মাদ্রিদের ৩৪ গোলের রেকর্ডও। বরুসিয়ার বিপক্ষে এই জয়ের ফলে জার্মান প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটাও অক্ষুণ্ন রেখেছে তারা। জার্মান দলগুলোর বিপক্ষে নিজেদের মাঠে আট ম্যাচের সাতটিই জিতেছে তারা, ড্র করেছে একটি।