দর্শকশূন্য হতে পারে আইপিএল

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:২৪

সারা বিশ্বেই করোনা ভাইরাস আতঙ্কে প্রতিদিন একের পর এক ক্রীড়া আয়োজন বাতিল হচ্ছে। ইতালিয়ান ফুটবল লিগ বন্ধ হয়ে গেছে, ইংলিশ ফুটবল লিগ আয়োজন হচ্ছে দর্শকশূন্য মাঠে। এই অবস্থায় ভারতের মার্চের শেষে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে চলছে ব্যাপক শঙ্কা। কেউ কেউ বলছেন, এবারের মতো বন্ধ হয়ে যেতে পারে ক্রিকেটের অন্যতম জাঁকজমকপূর্ণ এই আসর। আবার সরকারের পক্ষে বলা হয়েছে, খেলা বন্ধ না করলেও দর্শকশূন্য মাঠে হতে পারে ম্যাচগুলো।

শেষ পর্যন্ত কী হবে, সেটা জানা যাবে আগামীকাল। আইপিএলের গভর্নিং কাউন্সিল আগামীকাল শনিবার এক বৈঠকে বসছেন। আর এই বৈঠকেই নির্ধারিত হবে এই আসরের ভাগ্য।

আইপিএল যে ন্যূনতম বন্ধ দরজায় আয়োজিত হতে যাচ্ছে, এটা গতকাল নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, তারা মূলত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হওয়া ওয়ানডে সিরিজের দিকে চোখ রাখছেন। এই সিরিজের অগ্রগতির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলানো হবে।

গত ৫ মার্চ ভারতের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, দেশে কোনো গণ জমায়েত করা যাবে না। রিজিজু বলেছেন, তারা প্রতিটা ক্রীড়া ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন যে, তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে আইপিএলের প্রশ্ন ওঠায় এই মন্ত্রী বলেছেন, ‘আমরা সম্ভবত খেলা বন্ধ করবা না। আমরা বলছি যে, গণজমায়েত বন্ধ করতে হবে। কারণ দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা খুব জরুরি।’

তবে রিজিজু বলেছেন, এ ছাড়াও প্রতি ম্যাচে সমর্থকদের স্বাস্থ্য পরীক্ষা করে স্টেডিয়ামে ঢোকানোর একটা চিন্তাও আছে তাদের। তেমন হলে প্রতিটা ভেন্যুতে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। তিনি বারবারই বলেছেন যে, খেলা বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই, ‘আমরা বলছি না যে, খেলা বন্ধ করে দেও। আমরা বলছি, খেলা যদি চালাতেই হয়, গাইডলাইন অনুসরণ করে চালাতে হবে। লোকেদের স্বাস্থ্যকে আমরা কিছুতেই ঝুঁকিতে ফেলতে পারি না।’

এই সামগ্রিক বিষয় নিয়েই সিদ্ধান্ত নেবে আইপিএলের গভর্নিং কাউন্সির। আর আগামীকাল, ১৪ মার্চ তারা এই বিষয়ে একটা বৈঠকে বসবে। তাদের আরেকটা বড় দুশ্চিন্তা হলো, আইপিএল চালিয়ে গেলে খেলা উপলক্ষে বিভিন্ন দেশ থেকে অনেক খেলোয়াড় ও কোচিং স্টাফ আসবেন। কিন্তু এরই মধ্যে ভারতীয় সরকার বিদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে।